জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই
প্রকাশ: ০৬ আগস্ট, ২০২৬, ১২:০২ দুপুর
নিউজ ডেস্ক

বরিশাল প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই দাবি করেছেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের শুরু থেকেই রাজপথে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তবে বিএনপি ও জামায়াতে ইসলামী সেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়নি।

বুধবার (৫ আগস্ট) বিকেলে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুফতি ফয়জুল করীম বলেন, আন্দোলন সফল হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের এ আন্দোলনের মূল পরিকল্পনাকারী বা নেতৃত্বদানকারী হিসেবে দাবি করছে। তাঁর ভাষ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র রাজনৈতিক দল, যারা কোনো গোপন সমঝোতা ছাড়াই রাজপথে থেকে আন্দোলন করেছে।

বিএনপি ও জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, জুলাই আন্দোলনে তাদের কোনো কার্যকর অংশগ্রহণ ছিল না। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রসঙ্গ টেনে এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।

সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, জনগণকে কষ্ট দেওয়ার জন্য সরকারকে ক্ষমতায় বসানো হয়নি।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ ও উত্তেজনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনৈতিক বিরোধ থাকলে তার সমাধান সংসদে হওয়া উচিত, শিক্ষাঙ্গনে নয়। শিক্ষার্থীদের হল বা ক্যাম্পাস ছাড়তে বাধ্য করার ঘটনাগুলোরও সমালোচনা করেন তিনি।

সরকারের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে মুফতি ফয়জুল করীম বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে শুধু আশ্বাস দিলে চলবে না। জনগণের অধিকার ক্ষুণ্ন হলে এবং অন্যায়-অবিচার অব্যাহত থাকলে আন্দোলন-সংগ্রাম চলবে বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি অধ্যাপক মুহাম্মাদ লোকমান হাকিম।

সমাবেশ শেষে ফয়জুল করীমের নেতৃত্বে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।

এমএন/