পানি কমলেও কমেনি তিস্তা পাড়ের মানুষের ভাঙনের আতঙ্ক
প্রকাশ: ০৫ আগস্ট, ২০২৬, ০৫:১৩ বিকাল
নিউজ ডেস্ক

উজানে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল কমে আসায় নীলফামারীতে তিস্তা নদীর পানি নামতে শুরু করেছে। তবে পানি কমলেও তিস্তা তীরবর্তী মানুষের শঙ্কা কাটেনি। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় কৃষিজমি প্লাবিত হয়েছে এবং কোথাও কোথাও নদী বসতভিটার একেবারে কাছাকাছি চলে এসেছে। এতে মৌসুমি শাকসবজি, ভুট্টা ও বাদামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও দুপুর ১২টার পর থেকে পানি কমতে শুরু করে। সর্বশেষ বিকেল ৩টায় নদীর পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এদিকে তিস্তা তীরবর্তী বাসিন্দাদের অভিযোগ, নদী রক্ষার অধিকাংশ বাঁধ বালু দিয়ে নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য পানির চাপেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিচ্ছে। ফলে প্রতি বর্ষা মৌসুমেই তাদের ভাঙন ও বন্যার আতঙ্কে থাকতে হয়।

স্থানীয়দের দাবি, দ্রুত বাঁধ সংস্কার ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এসএইচ/