
|
কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক
প্রকাশ:
০৫ আগস্ট, ২০২৬, ০৯:৩২ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক কওমি মাদরাসার শিক্ষার্থীদের উপযুক্ত কারিগরি প্রশিক্ষণ দিয়ে সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সৌদি আরবের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অব ফরেন কনস্যুলার ড. মোহাম্মদ এ এম আলশামেরি এবং ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসার সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে মন্ত্রী বলেন, কওমি মাদরাসার শিক্ষার্থীরা আরবি ভাষায় দক্ষ। তাদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দেওয়া গেলে তারা সৌদি আরবের বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এ লক্ষ্যে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। বৈঠকে সৌদি প্রতিনিধি দল বাংলাদেশি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবরও জানায়। সৌদির ডেপুটি মিনিস্টার মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা বলেন, কোনো কারণে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলে বাংলাদেশি কর্মীরা দ্রুত অন্য নিয়োগকর্তার অধীনে আকামা নবায়নের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা থাকবে না বলেও তিনি জানান। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দুই দেশের শ্রম সহযোগিতা আরও জোরদারে গৃহকর্মী নিয়োগ, শ্রম দক্ষতা যাচাই (এসভিপি) এবং সাধারণ কর্মী নিয়োগসংক্রান্ত চুক্তি নবায়নের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশে যৌথ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা, আরবি ভাষা ও সৌদি আইন-সংস্কৃতি বিষয়ে প্রশিক্ষণ এবং দক্ষ কর্মীদের যোগ্যতার পারস্পরিক স্বীকৃতির কাঠামো তৈরির প্রস্তাবও উত্থাপন করা হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক ২০৩৪ সালের সৌদি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানান। জবাবে সৌদি প্রতিনিধি দল স্বাস্থ্যসেবা, নির্মাণ, তথ্যপ্রযুক্তি এবং হসপিটালিটি খাতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে কর্মীদের অধিকার সুরক্ষায় ওয়েজ প্রটেকশন সিস্টেম (ডব্লিউপিএস) এবং বীমা সুবিধা আরও কার্যকরভাবে নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। আরএইচ/ |