আওয়ামী খুনিদের ফাঁসি চান ব্রাহ্মণবাড়িয়ার আলেমরা
প্রকাশ: ০৪ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল
নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনিদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং কওমি ছাত্র ঐক্য পরিষদ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারক উল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

হেফাজত মহাসচিব অভিযোগ করেন, ২০১৬ ও ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত সহিংস ঘটনায় ১৫ জন নিহত হওয়ার ঘটনায় উবায়দুল মোকতাদির চৌধুরী মূল পরিকল্পনাকারী। এ অভিযোগের ভিত্তিতে তার জামিন নামঞ্জুর করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, উবায়দুল মোকতাদির চৌধুরীকে জামিন দেওয়া হলে ব্রাহ্মণবাড়িয়ায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাশেমী, সিনিয়র সহসভাপতি মুফতি বোরহান উদ্দিন কাসেমী, দপ্তর সম্পাদক বেলাল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা।

আইও/