
|
সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয়
প্রকাশ:
১৪ জুন, ২০২৬, ০৩:৩০ দুপুর
নিউজ ডেস্ক |
|| আকিদুল ইসলাম সাদী || আলোকদিয়ার প্রবীণদের মুখে আজও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় একটি নাম- সৈয়দ জাফর ছাদেক রহ.। তিনি শুধুমাত্র একজন পীর বা জমিদার ছিলেন না; ছিলেন মানুষের দুঃখ-কষ্টের সাথী, ন্যায়বিচারের আশ্রয়স্থল এবং সমাজের একজন অভিভাবক। ১৮৯৭ সালের ২০ ফেব্রুয়ারি মাগুরার আলোকদিয়ায় এক সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে তাঁর জন্ম। তিনি আধ্যাত্মিক পুরুষ হযরত শাহ হাবীব রহ.-এর বংশধর ছিলেন। শৈশব থেকেই ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবসেবার আদর্শে গড়ে ওঠেন। পরবর্তীতে তাঁর প্রজ্ঞা, ন্যায়পরায়ণতা ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব তাঁকে মানুষের হৃদয়ের আসনে প্রতিষ্ঠিত করে। গ্রামের মানুষের কাছে তাঁর কাচারি ছিলো আশার বাতিঘর। জমিজমার বিরোধ, পারিবারিক সমস্যা কিংবা সামাজিক সংকট—সব ক্ষেত্রেই মানুষ তাঁর দ্বারস্থ হতো। ধনী-গরিব, মুসলিম-অমুসলিম কোনো ভেদাভেদ তিনি করতেন না। ন্যায় ও মানবতার ভিত্তিতেই তিনি বিচার করতেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর সাহসী ও মানবিক ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। আতঙ্কগ্রস্ত গ্রামবাসী, বিশেষ করে যুবকদের তিনি নিজের কাচারিতে আশ্রয় দিয়েছিলেন। নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন। আত্মীয়তার বন্ধনও তাঁকে সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত করতে পারেনি। স্থানীয় মানুষের বিশ্বাস, তাঁর দোয়া ও আধ্যাত্মিক প্রভাব বহু মানুষের মনে সাহস ও প্রশান্তি এনে দিতো। বিপদে-আপদে মানুষ তাঁর কাছে ছুটে আসতো, আর তিনি তাদের আল্লাহর ওপর ভরসা রাখতে উদ্বুদ্ধ করতেন। প্রবীণ গ্রামবাসীর ভাষায়, “হুজুর ছিলেন গ্রামের ছায়াবৃক্ষ। তাঁর কাছে গেলে মানুষ শান্তি পেতো, সাহস পেতো।” ১৯৮৪ সালের ১ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। কিন্তু মৃত্যুর চার দশক পরও আলোকদিয়ার মানুষের হৃদয়ে তিনি জীবন্ত। তাঁর স্মৃতি, তাঁর মানবসেবা এবং তাঁর ন্যায়নিষ্ঠ জীবন আজও মানুষকে অনুপ্রাণিত করে। বর্তমান সময়ে যখন সমাজ ন্যায়, সহমর্মিতা ও আদর্শ নেতৃত্বের সংকট অনুভব করছে, তখন সৈয়দ জাফর ছাদেক রহ.-এর জীবন আমাদের নতুন করে শিক্ষা দেয়— প্রকৃত নেতৃত্ব ক্ষমতায় নয়, মানুষের কল্যাণে; প্রকৃত মর্যাদা সম্পদে নয়, মানুষের হৃদয়ে। আলোকদিয়ার পীর সাহেব তাই শুধু অতীতের একটি নাম নন; তিনি একটি আদর্শ, একটি প্রেরণা এবং মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। লেখক : অনুবাদক ও শিক্ষক জেডএম/ |