ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী
প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০৬:২৮ বিকাল
নিউজ ডেস্ক

ঋণনির্ভর ও উচ্চবিলাষী বাজেট দেশের জনগণের অর্থনৈতিক সংকট আরও তীব্র করবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।

শনিবার (১৩ জুন) খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখা আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুহাম্মদ মুনতাসির আলী বলেন, প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বিশাল ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে সরকারকে দেশি-বিদেশি উৎস থেকে উচ্চ সুদে ঋণ নিতে হবে। বিশেষ করে দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা বেসরকারি খাতে বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে।

তিনি আরও বলেন, এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের অর্থনীতি ভবিষ্যতে গভীর সংকটে পড়বে। তাই ঘুষ ও দুর্নীতি দমন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক অপচয় রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

সভায় খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।

উত্তরা নর্থ কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত এ বাজেট পর্যালোচনা সভাটি পরিচালনা করেন মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতি মুজিবুর রহমান ফরাজী, সহ-সাধারণ সম্পাদক মো. এনামুল হক হাসান এবং প্রশিক্ষণ সম্পাদক ড. মাওলানা মাহমুদুল হাসান কিবরিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আইও