
|
রাশিয়ায় আলেম ও মুসলিম নেতাদের গ্রেপ্তারে উদ্বেগ
প্রকাশ:
১৩ জুন, ২০২৬, ১১:৫৫ দুপুর
নিউজ ডেস্ক |
রাশিয়ায় সাম্প্রতিক সময়ে একাধিক আলেম ও কমিউনিটি মুসলিম নেতার গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নিরাপত্তা সংস্থাগুলো বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে কয়েকজন মুসলিম ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্বকে আটক করেছে। প্রতিবেদন অনুযায়ী, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে সাবেক কারেলিয়া মুফতি ও মস্কোর ইমাম ওয়াসাম আলী বারদাভিল রয়েছেন। মস্কোর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের নির্দেশ অমান্য করার অভিযোগে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে মোরদোভিয়ার মুফতি রাইল আসাইনভকে ঘুষ গ্রহণের সন্দেহে আটক করা হলেও পরবর্তীতে তাকে মুক্তি দেওয়া হয়। এছাড়া আরও কয়েকজন মুসলিম নেতা ও সামাজিক কর্মীকে বিভিন্ন অভিযোগে আটক করার খবর পাওয়া গেছে। স্বাধীন পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মতে, এসব গ্রেপ্তার রাশিয়ার মুসলিম ধর্মীয় নেতৃত্বের ওপর ক্রমবর্ধমান চাপের ইঙ্গিত বহন করতে পারে। তবে রুশ কর্তৃপক্ষ এসব অভিযানকে নিয়মিত আইনগত তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার অংশ বলে দাবি করেছে। এ ঘটনায় রাশিয়ার বিভিন্ন মুসলিম ধর্মীয় সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে মানবাধিকার সংগঠনগুলো গ্রেপ্তারগুলোর স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। সূত্র: ইউএনএ নিউজ জেডএম/ |