
|
ভাঙায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫
প্রকাশ:
০২ আগস্ট, ২০২৬, ০৮:০৪ রাত
নিউজ ডেস্ক |
ফরিদপুরের ভাঙায় দশমিনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছে। এসময় বাসে থাকা অন্তত ২৫ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার চুমুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবল বৃষ্টির মধ্যে ঢাকা থেকে বরিশালগামী দশমিনা এক্সপ্রেস নামক যাত্রীবাহী বাসটি চুমুরদী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পানিভর্তি খাদে পড়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বাসটিতে থাকা মেহেদ নামের এক যাত্রী জানান, ঢাকা থেকে দশমিনা বাসটি যাত্রী নিয়ে ছাড়ার পর থেকেই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন কিন্তু যাত্রীরা তাকে বারবার নিষেধ করলেও তিনি কারো কথা পরোয়া করেননি। তবে আমি জানালার কাছে ছিলাম বিধায় বাসটি যখন নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায় তাৎক্ষণিক আমি জানালা ভেঙে দ্রুত বাসটির ভেতর থেকে বেরিয়ে আসি। এবারের মতো হয়ত আল্লাহ তাআলা আমাদেরকে তার নিজের হাতে বাঁচিয়েছেন। এ বিষয়ে ভাঙা উপজেলার ফায়ার সার্ভিস এর স্টেশন মাস্টার সিভিল ডিফেন্স আবু জাফর জানান, বিকেল ৩টা ৫৫ মিনিট সময় জানতে পারেন একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুরাপুরি খাদে পড়ে গেছে, এমতাবস্থায় দ্রুত ঘটনা স্থানে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দিন বলেন, বাস দুর্ঘটনায় ২৫ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় কবলিতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করা হয়। এদের মধ্য থেকে গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে, তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া আহত বাকি সবাই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তিনি বলেন, বৃষ্টি থাকায় পাশাপাশি সন্ধ্যা নেমে আসায় দুর্ঘটনা কবলিত বাসটিকে খাদ থেকে উপরে তোলা সম্ভব হয়নি, আগামীকাল দিনে আমরা বাসটিকে খাদ থেকে উপরে তোলার চেষ্টা করব। আইও/ |