
|
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু
প্রকাশ:
১২ জুন, ২০২৬, ০৯:১৫ রাত
নিউজ ডেস্ক |
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, তিনি যতদিন দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকবেন, ততদিন ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। শুক্রবার (১২ জুন) ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই কড়া হুঁশিয়ারি দেন। নেতানিয়াহু বলেন, ‘যতদিন আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী আছি, ইরানের পারমাণবিক অস্ত্র থাকবে না। এই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি সম্পূর্ণ একমত।’ বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি আরও করেছেন, তিনি গত তিন দশক ধরে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। তার এই অনড় ভূমিকা না থাকলে তেহরান আরও অনেক আগেই পারমাণবিক বোমার মালিক হয়ে যেত। তবে যতদিন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকবেন, এমনটা ঘটবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জেনেভায় একটি প্রাথমিক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতির মধ্যেই নেতানিয়াহুর এই কড়া অবস্থান সামনে এলো। এরআগে বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা ও বোমাবর্ষণ বাতিল করে চলমান সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হতে পারে এবং ইউরোপে অনুষ্ঠিত সম্ভাব্য স্বাক্ষর অনুষ্ঠানে তিনি নিজে সেখানে না থাকলেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অংশ নিতে পারেন। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষর হলেই হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে। এই প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা আইও |