বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত
প্রকাশ: ০১ আগস্ট, ২০২৬, ০৭:৩১ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সংবিধান, জুলাই সনদ, দ্রব্যমূল্য, ফিলিস্তিন, সীমান্ত পরিস্থিতি ও আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে ৯ দফা প্রস্তাব গৃহীত হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত দলের ২০২৫–২০২৬ সেশনের কেন্দ্রীয় শূরা অধিবেশনে এসব প্রস্তাব অনুমোদন করা হয়।

দলের আমির শায়খুল হাদিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে গৃহীত প্রস্তাবগুলোতে সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল, কুরআন-সুন্নাহবিরোধী আইন ও নীতিমালা অকার্যকর ঘোষণার সাংবিধানিক বিধান সংযোজন এবং আল্লাহ, রাসূল (সা.) ও ইসলামের অবমাননার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের দাবি জানানো হয়।

অধিবেশনে জুলাই সনদকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে উল্লেখ করে গণভোটের রায় দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানানো হয়। একই সঙ্গে এ দাবিতে চলমান আন্দোলন আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রস্তাবে গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান হামলা বন্ধে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে আন্তর্জাতিক স্বীকৃতি এবং ভারতে মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধে জাতিসংঘ, ওআইসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার আহ্বান জানানো হয়।

এছাড়া কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, সীমান্তে বিএসএফের কথিত অবৈধ পুশ-ইন বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ জোরদার এবং প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের দাবি জানানো হয়।

শূরা অধিবেশনের প্রস্তাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাস, দুর্নীতি ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এছাড়া ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। প্রস্তাবে বলা হয়, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, নিরাপত্তা ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ইসলামী খেলাফত একটি কার্যকর রাষ্ট্রব্যবস্থা।

অধিবেশনে হবিগঞ্জে বিরোধী রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

আইও/