
|
‘উচ্চাভিলাষী বাজেট অর্থনীতিকে আরও চাপে ফেলবে: শায়খে চরমোনাই
প্রকাশ:
১২ জুন, ২০২৬, ১১:৩৩ দুপুর
নিউজ ডেস্ক |
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতিকে আরও চাপের মুখে ফেলবে। বিশাল বাজেট ঘাটতি পূরণে সরকারকে দেশি-বিদেশি উৎস থেকে বিপুল পরিমাণ ঋণ নিতে হবে, যা অর্থনীতির ওপর বাড়তি বোঝা সৃষ্টি করবে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সিলেট নগরীর সারদা হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি ফয়জুল করীম বলেন, দেশ বর্তমানে ঋণনির্ভর ও অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে। ঘোষিত বাজেটে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হলেও প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। এ পরিস্থিতিতে বাজেট বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তিনি বলেন, দেশে খুন, ধর্ষণ, অপহরণ, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ উদ্বেগজনক হারে বেড়েছে। শিশু রামিসা ও সিলেটের চার বছরের শিশু ফাহিমাকে ধর্ষণ ও হত্যার মতো ঘটনা পুরো জাতিকে ব্যথিত করেছে। এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। শায়খে চরমোনাই বলেন, প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ঢোল, তবলা ও নৃত্য শেখানোর উদ্যোগ বন্ধ করতে হবে। অন্যথায় এ বিষয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। তিনি আরও বলেন, সীমান্তে পুশইন ও হত্যাকাণ্ড সরকারের পররাষ্ট্রনীতির দুর্বলতার প্রতিফলন। এসব সমস্যা সমাধানে সরকারকে আরও দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নৈতিক ও চারিত্রিক উন্নয়নেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। সমাজে শান্তি ও সুশৃঙ্খল পরিবেশ প্রতিষ্ঠার জন্য আদর্শ ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আত্মশুদ্ধি ও চারিত্রিক উৎকর্ষের মাধ্যমে একটি আল্লাহভীরু ও আদর্শবান জাতি গঠনে কাজ করে যাচ্ছে। এজন্য দক্ষ, যোগ্য ও ত্যাগী নেতৃত্ব তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি। সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন ও জয়েন্ট সেক্রেটারি মুফতি আবু তাহের মিসবাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আলহাজ নজীর আহমদ। এছাড়াও বক্তব্য দেন জেলা সভাপতি মুফতি সাঈদ আহমেদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর সভাপতি হাফেজ মাওলানা আসাদ উদ্দিন, জাতীয় শিক্ষক ফোরাম মহানগর সভাপতি প্রভাষক বুরহান উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, জেলা সভাপতি আলহাজ ফজলুল হক, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল হক, মহানগর সভাপতি মোহাম্মদ জাকির হোসেন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ জাকাওয়াত হোসেন। জেডএম/ |