
|
‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’
প্রকাশ:
১২ জুন, ২০২৬, ১০:২৫ দুপুর
নিউজ ডেস্ক |
অটোমেশন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। বাজেট বক্তৃতায় তিনি বলেন, প্রযুক্তি খাতের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে ফ্রিল্যান্সিং ও ক্রিয়েটিভ সেক্টরে ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে আরও ৮ লাখ পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে যুবকদের জন্য ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, কেয়ারগিভিং ও ভাষা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। তাছাড়া চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও উপযোগী মানবসম্পদ তৈরিতে একটি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। জেডএম/ |