‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’
প্রকাশ: ০১ আগস্ট, ২০২৬, ১২:৪৫ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক বলেছেন, ঘুণে ধরা সমাজ পরিবর্তনে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার কোনো বিকল্প নেই। নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব তৈরি করতে না পারলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে গাজীপুর চৌরাস্তা সংলগ্ন ফরিশতা রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহ ইফতেখার তারিক বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, ইসলামী আদর্শের বাস্তবায়ন এবং দেশে ইসলামী শক্তির বিজয় নিশ্চিত করাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে ইসলামী শক্তির বিজয়ের লক্ষ্যে পীর সাহেব চরমোনাই ঘোষিত ‘এক বাক্স’ নীতি ছিল সময়োপযোগী উদ্যোগ। তবে একটি নামধারী ইসলামী দলের অদূরদর্শী ভূমিকার কারণে সেই উদ্যোগ সফলতার মুখ দেখেনি। তিনি বৃহত্তর ইসলামী ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম।

গাজীপুর মহানগর সভাপতি আলহাজ মুহাম্মদ ফাইজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মহানগর ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মহানগরের বিভিন্ন থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অধিবেশনে ২০২৭–২৮ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের নতুন কমিটিও ঘোষণা করা হয়। প্রধান অতিথি শাহ ইফতেখার তারিক আনুষ্ঠানিকভাবে আলহাজ মুহাম্মদ ফাইজ উদ্দিনকে সভাপতি, মাওলানা ফজলুর রহমান মুনশি, মাওলানা এম এ হানিফ সরকার এবং মাওলানা হাবিবুর রহমান মিয়াজীকে সহ-সভাপতি এবং মুফতি হোসাইন আহমদকে সেক্রেটারি হিসেবে ঘোষণা করেন।

আরএইচ/