
|
বন্যাকবলিত চট্টগ্রাম ও কক্সবাজারে জমিয়তের ত্রাণ বিতরণ
প্রকাশ:
২৯ জুলাই, ২০২৬, ০৩:৪৮ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার ও বুধবার সংগঠনটির একটি প্রতিনিধি দল কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ও পুকুরিয়াসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে। এ সময় তারা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ত্রাণ ও মানবিক সহায়তা বিতরণ করেন। ত্রাণ কার্যক্রমে সার্বিক দায়িত্ব পালন করেন ঢাকা জেলা জমিয়তের সভাপতি মুফতি আমিনুল ইসলাম কাসেমী। প্রতিনিধি দলে আরও ছিলেন সাভার থানা জমিয়তের সভাপতি শাইখুল হাদিস মুফতি আলী আশরাফ তৈয়্যব, সাভার থানা জমিয়তের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুফতি নাজমুল হাসান বিন নূরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ত্রাণ বিতরণ শেষে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ বলেন, প্রাকৃতিক দুর্যোগের কঠিন পরিস্থিতির মধ্যেও বন্যাকবলিত এলাকার মানুষের ঈমানদারিতা, আন্তরিকতা ও অতিথিপরায়ণতা তাদের গভীরভাবে মুগ্ধ করেছে। বিশেষ করে চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়িস্থ জামিয়া মিলিয়া আজিজিয়া মাদরাসার আন্তরিক আপ্যায়ন এবং এলাকার বিভিন্ন কওমি মাদরাসার সহযোগিতা ও আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন তারা।
নেতৃবৃন্দ আরও জানান, বৃহত্তর চট্টগ্রামে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ছাত্র জমিয়তের নেতাকর্মীরা, বিশেষ করে হাটহাজারীকেন্দ্রিক নেতৃবৃন্দ, ত্রাণ কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের আন্তরিক সহযোগিতার ফলে দুর্গত মানুষের কাছে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে তারা উল্লেখ করেন। এ সময় প্রতিনিধি দল ত্রাণ কার্যক্রমে সহযোগিতা প্রদানকারী স্থানীয় নেতাকর্মী, আলেম-উলামা, মাদরাসা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বন্যাকবলিত মানুষের পুনর্বাসনে সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর এগিয়ে আসার আহ্বান জানায়। আইও/ |