সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস
প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬, ০৮:২৯ রাত
নিউজ ডেস্ক

সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আগামী তিন দিনে আরও উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। তবে সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত পূর্বাভাস প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে ভারতের উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। আগামী দুই দিন সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে।

এফএফডব্লিউসি জানায়, গত ২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমেছে। বর্তমানে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা নদীর ছাতক, কানাইঘাট ও দেরাই এবং কুশিয়ারার অমলশিদ স্টেশন সতর্কসীমায় রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিনে সিলেট ও সুনামগঞ্জের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

এদিকে ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার নদ-নদীর পানিও কমছে। তবে যমুনা নদী গাইবান্ধার সাঘাটা, বগুড়ার সারিয়াকান্দি ও জামালপুরের জগন্নাথগঞ্জ স্টেশনে সতর্কসীমায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের কিছু এলাকায় নদী সতর্কসীমায় থাকতে পারে।

গঙ্গা-পদ্মা অববাহিকার সব নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচে রয়েছে। আগামী তিন দিনে পানি কিছুটা বাড়লেও বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে। তিস্তা নদী নীলফামারীর ডালিয়া স্টেশনে সতর্কসীমায় রয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলের আত্রাই নদী নওগাঁর আত্রাই ও নাটোরের সিংড়া স্টেশনে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।

মধ্যাঞ্চলে সোমেশ্বরী নদী নেত্রকোনার কলমাকান্দা স্টেশনে সতর্কসীমায় থাকলেও আগামী তিন দিনে পানি কমতে পারে। ঢাকার তুরাগ, বালু, ধলেশ্বরী, বুড়িগঙ্গা ও টঙ্গীখালের পানি স্থিতিশীল রয়েছে এবং সবগুলোই বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরি, সেলোনিয়া, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানিও কমেছে। আগামী তিন দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে।

এদিকে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে আগামী দুই দিন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি জোয়ার থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আইও/