
|
তৃণমূলে সংগঠন শক্তিশালী করার আহ্বান আমিরে মজলিসের
প্রকাশ:
২৬ জুলাই, ২০২৬, ০৪:৫০ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও সোনারগাঁও থানা শাখার নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভা করেছেন। সভায় তিনি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী করে গড়ে তোলার আহ্বান জানান। রোববার (২৬ জুলাই) রাজধানীর মুহাম্মদপুরে তাঁর ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও মাওলানা ফয়সাল আহমদ, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জাতীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ। এছাড়া নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও সোনারগাঁও থানা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারাও উপস্থিত ছিলেন। মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা এবং চলমান কর্মসূচির সার্বিক খোঁজখবর নেন। তিনি বলেন, সংগঠনকে আরও কার্যকর ও জনমুখী করতে দায়িত্বশীলদের নিষ্ঠা, পরিকল্পনা এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। তিনি জানান, বিগত ফ্যাসিবাদী শাসনামলে সোনারগাঁওয়ে নির্যাতনের শিকার সর্বস্তরের মানুষের সঙ্গে আগামী ২৯ আগস্ট মতবিনিময় করার আগ্রহ রয়েছে। এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট নেতাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন তিনি। সভায় আমীরে মজলিস দলীয় ঐক্য, শৃঙ্খলা, সাংগঠনিক দায়িত্বশীলতা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনমুখী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসএইচ/ |