৩০ জুলাই শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও উমরা ফেয়ার
প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬, ০৮:৩৮ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হজ ও উমরা ফেয়ার ২০২৬’। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর উদ্যোগে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলা চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার সকাল ৯টায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিমান ও পর্যটন সচিব ফাহমিদা আখতার, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত আবদুল আজিজ ফাহাদ এম. আল ইবরাহিম।

মেলায় হজ এজেন্সি, বিভিন্ন ব্যাংক ও হজ-সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানের মোট ১৫৪টি স্টল থাকবে। দর্শনার্থীরা বিভিন্ন হজ ও উমরা প্যাকেজ, সেবার মান, খরচ এবং বুকিং-সংক্রান্ত তথ্য এক জায়গায় জানতে পারবেন। পাশাপাশি মধ্যস্বত্বভোগী ছাড়াই সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে সরাসরি যোগাযোগ ও বুকিংয়ের সুযোগও থাকবে।

হজ ও উমরা ফেয়ার ২০২৬ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং হাবের সহ-সভাপতি হাফেজ মাওলানা নুর মোহাম্মদ বলেন, হজ ব্যবস্থাপনায় সৌদি আরব প্রতিবছর নতুন নতুন প্রযুক্তি ও ব্যবস্থাপনা যুক্ত করছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দেশের হজযাত্রীদের আধুনিক তথ্য ও সেবার সঙ্গে পরিচিত করতেই এই আয়োজন।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, হজ একজন মুসলমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। তাই হজ ও উমরার বিধিবিধান, সরকারি-বেসরকারি কার্যক্রম এবং বিভিন্ন এজেন্সির সেবা সম্পর্কে আগ্রহীদের সঠিক তথ্য দেওয়াই এই মেলার মূল লক্ষ্য।

আওয়ার ইসলাম/জেডএম