
|
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল
প্রকাশ:
২৫ জুলাই, ২০২৬, ০৮:৫০ রাত
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক ভারতের আসামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) সভাপতি ও আসাম বিধান সভার সদস্য মাওলানা বদরুদ্দিন আজমল। প্রায় ২ কোটি ৫০ লাখ রুপি মূল্যের ত্রাণসামগ্রী নিয়ে তিনি রাজ্যের উজান অঞ্চলের শিবসাগর জেলায় পৌঁছান এবং বন্যাকবলিত ও পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এক্ষেত্রে তিনি হিন্দু-মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ করেননি। ত্রাণ কার্যক্রম চলাকালে মাওলানা বদরুদ্দিন আজমল বলেন, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে তাদের দল সবসময় পাশে থাকবে। প্রয়োজন হলে তিনি আরও ত্রাণসামগ্রী নিয়ে আবারও এ এলাকায় ফিরে আসবেন বলেও আশ্বাস দেন। তিনি বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় নয়—মানবিক প্রয়োজনই এ ধরনের সহায়তার মূল ভিত্তি হওয়া উচিত। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, শিবসাগর জেলা এআইইউডিএফের রাজনৈতিকভাবে শক্তিশালী এলাকা নয়। জেলার প্রায় ৯০ শতাংশ বাসিন্দাই হিন্দু সম্প্রদায়ের, ফলে সেখানে ত্রাণ বিতরণের মাধ্যমে মাওলানা বদরুদ্দিন আজমলের কোনো প্রত্যক্ষ রাজনৈতিক লাভের সম্ভাবনা নেই। তবু মানবিক দায়িত্ববোধ থেকেই তিনি বিপুল পরিমাণ ত্রাণ নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে স্থানীয়ভাবে আলোচনা হচ্ছে। আসামের সাম্প্রতিক বন্যায় রাজ্যের বিভিন্ন জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং বহু পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। এ পরিস্থিতিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনও দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে। মাওলানা বদরুদ্দিন আজমলের এই ত্রাণ কার্যক্রমও সেই মানবিক উদ্যোগগুলোর অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: মিল্লাত টাইমস এসএইচ/ |