
|
‘ধোঁকাবাজ’ দলটির ওপর আল্লাহর গজব নেমে এসেছে: গাজী আতাউর রহমান
প্রকাশ:
২৪ জুলাই, ২০২৬, ১১:১৭ দুপুর
নিউজ ডেস্ক |
লক্ষ্মীপুর প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেছেন, তারা জনগণের কাছে মিথ্যাবাদী, ধোঁকাবাজ ও প্রতারক হিসেবে প্রকাশ হয়ে গেছে। অনৈক্যের কারণে তাদের ওপর আল্লাহর গজব নেমে এসেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেহমুনী এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কার্যালয়ে আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজী আতাউর রহমান বলেন, ওই দলের বিষয়ে আমাদের জবাব দেওয়ার প্রয়োজন নেই। জনগণই তাদের উপযুক্ত জবাব দেবে। তিনি বিএনপির সমালোচনা করে বলেন, নির্বাচনের পরও দেশের মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, তা বাস্তবে প্রতিফলিত হয়নি। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ ও লুটপাট বন্ধ হয়নি; বরং চাঁদাবাজি আরও বেড়েছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, এসব অনিয়ম ও অপরাধ দ্রুত বন্ধ করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মতো আবারও রাজপথে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরও বলেন, আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তনের প্রত্যাশা করেছিলাম। কিন্তু এখনো সেই পরিবর্তনের বাস্তব প্রতিফলন দেখতে পাচ্ছি না। জেলা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা খালেদ সাইফুল্লাহ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরামা এবং কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী জাকির হোসেন পাটোয়ারী, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের মাওলানা হেলাল উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুহাম্মদ মহি উদ্দিন। |