
|
নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু
প্রকাশ:
২৯ মে, ২০২৬, ০৬:৫৪ বিকাল
নিউজ ডেস্ক |
রংপুরের তারাগঞ্জে বন্ধুদের সঙ্গে যমুনেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতরা হলো অহিদ ইসলাম (১৫) ও মাসুদ রানা (১৬)। এই মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। শুক্রবার (২৯ মে) দুপুরের দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কায়িশাবাড়ি এলাকায় যমুনেশ্বরী নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই কিশোরেরই বাড়ি হাড়িয়ারকুঠি ইউনিয়নের ডাঙ্গীরহাট তেলিপাড়া গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ৫-৭ জন বন্ধু মিলে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে যমুনেশ্বরী নদীতে গোসল করতে যায় অহিদ ও মাসুদ। নদীতে নামার পর সাঁতার না জানা এই দুই কিশোর অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে নদী থেকে তাঁদের উদ্ধার করেন। এতে ঘটনাস্থলেই অহিদ ইসলামের মৃত্যু হয় এবং মাসুদ রানাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত দুজনই ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং জীবিকার তাগিদে ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করত। মাসুদ রানা বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকত এবং কয়েক দিন আগে ঈদ করতে গ্রামে এসেছিল। অন্যদিকে, অহিদ ইসলামের বাবা গ্রামে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাঁকে সহযোগিতা করতেই এক বছর আগে ঢাকায় কাজে যায় অহিদ। সেও ঈদের দুই দিন আগে পরিবারের সঙ্গে উৎসব উদযাপনে বাড়ি ফিরেছিল। দুই কিশোরের এমন অকাল মৃত্যুতে তেলীপাড়া গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। আইও |