গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর
প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ১০:০১ রাত
নিউজ ডেস্ক

গাজীপুরের এক আবাসিক কলোনিতে ভয়াবহ আগুন লেগে ১১টি কক্ষ ও সমস্ত মালামাল পুড়ে গেছে। 

বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডের ভোগড়া বাসন সড়ক এলাকায় সাইফুল ইসলামের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভোগড়া বাসন সড়ক এলাকার সাইফুল ইসলামের ভাড়া বাসায় একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন দেখে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা করে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. হিরন মিয়া জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ঘরগুলোর সব মালামাল পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। 

আইও/