
|
ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড
প্রকাশ:
১৫ জুলাই, ২০২৬, ১১:২৫ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক সৌদি আরব ভিসার মেয়াদ অতিক্রম করে দেশটিতে অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উমরাহযাত্রীসহ যেকোনো ধরনের ভিসাধারী নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং পরবর্তীতে নিজ দেশে ফেরত (ডিপোর্ট) পাঠানোর শাস্তির মুখোমুখি হতে পারেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভিসার শর্ত মেনে নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ করা প্রত্যেক ভিসাধারীর জন্য বাধ্যতামূলক। কেউ এ নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষ সাধারণ জনগণকে ভিসা-সংক্রান্ত আইন লঙ্ঘনের ঘটনা জানাতে আহ্বান জানিয়েছে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থানকারীরা ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে অবস্থানকারীরা ৯৯৯ নম্বরে ফোন করে এ ধরনের তথ্য জানাতে পারবেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং হজ ও উমরাহ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অভিবাসন ও ভিসা-সংক্রান্ত আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। তাই সব ভিসাধারীকে নির্ধারিত সময়ের মধ্যেই সৌদি আরব ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন আওয়ার ইসলাম/জেডএম |