‘জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জাতি ক্ষমা করবে না’
প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬, ১০:৪৮ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে জাতি তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, ইসলামী শিক্ষা সার্বজনীনভাবে নিশ্চিত করতে হলে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং জাতির ঈমান-আকিদা, ধ্যান-ধারণা, চিন্তা ও চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা কারিকুলাম প্রণয়ন করতে হবে।

সোমবার (১৩ জুলাই) রাজধানীতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখা আয়োজিত ‘জুলাই বিপ্লব-উত্তর শিক্ষা সংস্কার ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আহমদ আবদুল কাদের বলেন, জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জাতি ক্ষমা করবে না। প্রয়োজনে আরেকটি অনিবার্য বিপ্লবের মধ্য দিয়ে ইসলামী শিক্ষা সার্বজনীনভাবে নিশ্চিত করতে হবে। শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে, যা দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও জাতীয় চেতনাকে ধারণ করে।

ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার এবং হেফাজতে ইসলাম পবিত্র মক্কা নগরী শাখার সভাপতি শায়খ অলিউল্লাহ আশ শাওকী।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আজিজুল হক ও অফিস সম্পাদক মুফতি আবু সালেহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ডা. এম. এমদাদুল হক, মাওলানা নজরুল ইসলাম মাযহারী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বিলাল আহমদ চৌধুরী, বাংলাদেশ মাদ্রাসা কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুফতি জহির ইবনে মুসলিম, মহানগর উত্তর সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান ফরাজী, মাওলানা আজিজুল হক সরকার, মাওলানা আবু ইউসুফ, সহ-সাধারণ সম্পাদক মো. এনামুল হক হাসান ও মো. মুজিবুল হক এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা কাওছার আহমদ সোহাইলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সেমিনারে ‘শিক্ষা সংস্কার ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার প্রশিক্ষণ সম্পাদক ড. মাহমুদুল হাসান কিবরিয়া।

আলোচনা পর্বে অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ আলেমেদ্বীন শায়খ সানাউল্লাহ আজহারী, জুলাই যোদ্ধা ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মুশফিকুস সালেহীন, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সালমান এবং শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমানসহ অন্যান্য বক্তারা।

আওয়ার ইসলাম/জেডএম