দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই
প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ০৮:৩৭ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, স্বাধীনতার পর দেশের শাসকগোষ্ঠীর নীতিভ্রষ্টতা, দুর্নীতি ও অদক্ষতার কারণেই রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের প্রধান শহরগুলো সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় তলিয়ে যাচ্ছে। তিনি বর্তমান সরকারকে দেশের ভূ-প্রকৃতি বিবেচনায় নিয়ে বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

সোমবার (১৩ জুলাই) ফরিদপুরের ভাঙ্গারাস্তার মোড় পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সভাপতি মুফতি মোস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে পীর সাহেব চরমোনাই বলেন, স্বাধীনতার পর ক্ষমতায় আসা প্রতিটি সরকার উন্নয়ন পরিকল্পনায় দেশের ভৌগোলিক বাস্তবতাকে উপেক্ষা করেছে। দুর্নীতি ও অদক্ষতার কারণে নদী, খাল ও জলাধারগুলো দখল ও ভরাট হয়েছে, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি এবং বিদ্যমান ড্রেনগুলোও নিয়মিত পরিষ্কার করা হয় না। ফলে অল্প বৃষ্টিতেই শহরগুলোতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

তিনি বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, চট্টগ্রাম অঞ্চলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, বন্যা একটি প্রাকৃতিক ঘটনা হলেও এর ক্ষয়ক্ষতির মাত্রা অনেকাংশে মানুষের কর্মকাণ্ডের ওপর নির্ভরশীল। বাংলাদেশ একটি বৃষ্টিপ্রবণ ও ভাটির দেশ হওয়ায় উন্নয়ন পরিকল্পনায় এ বাস্তবতা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত ছিল। কিন্তু তা করা হয়নি। তিনি দাবি করেন, স্বাধীনতার সময় দেশে প্রায় ২৪ হাজার কিলোমিটার নৌপথ থাকলেও বর্তমানে বর্ষা মৌসুমেও তা কমে প্রায় ২ হাজার ৪০০ কিলোমিটারে নেমে এসেছে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নের চিন্তাভিত্তি পরিবর্তন করে বাস্তবতা-নির্ভর পরিকল্পনা গ্রহণ করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানিবণ্টন সমস্যা দ্বিপক্ষীয় আলোচনায় সমাধান না হলে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে উত্থাপন করার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন দলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মারুফসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলনের শেষে মুফতি মোস্তাফা কামালকে সভাপতি এবং হাফেজ মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

আরএইচ/