ক্রিপ্টোকারেন্সি নিয়ে তাকি উসমানীর সঙ্গে পাকিস্তান সরকারের প্রতিনিধির বৈঠক
প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ০৮:৩৯ সকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে ডিজিটাল সম্পদ (ডিজিটাল অ্যাসেট) ও ক্রিপ্টোকারেন্সির শরিয়াহগত অবস্থান নিয়ে দেশটির পাকিস্তান ভার্চুয়াল অ্যাসেটস রেগুলেটরি অথরিটি (PVARA)-এর চেয়ারম্যান বিলাল বিন সাকিব প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানীর সঙ্গে বৈঠক করেছেন।

রোববার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বিলাল বিন সাকিব জানান, ডিজিটাল সম্পদ এবং এর শরিয়াহগত অবস্থান নিয়ে মুফতি তাকি উসমানীর সঙ্গে তাদের একটি গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি বলেন, উভয়েই একটি মৌলিক বিষয়ে একমত—পাকিস্তানের জনগণকে প্রতারণা, শোষণ এবং আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা দেওয়া।

বিলাল বিন সাকিবের ভাষ্য অনুযায়ী, বৈঠকে তিনি তুলে ধরেন যে ব্লকচেইন, ডিজিটাল অ্যাসেট, স্টেবলকয়েন (Stablecoin) এবং বাস্তব সম্পদের ভিত্তিতে টোকেনাইজড ডিজিটাল সম্পদ (Tokenized Real-World Assets) একই ধরনের প্রযুক্তি নয়; বরং এগুলো একটি বিস্তৃত প্রযুক্তিগত ক্ষেত্রের অংশ। তাই সব ধরনের ডিজিটাল সম্পদকে একই দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন না করে প্রতিটির প্রযুক্তিগত বৈশিষ্ট্য গভীরভাবে বিশ্লেষণের পাশাপাশি শরিয়াহসম্মত দৃষ্টিকোণ থেকেও পৃথকভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রযুক্তির এ খাত দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই সম্মানিত আলেম, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা এবং প্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের মধ্যে নিয়মিত সংলাপ ও পরামর্শ অব্যাহত থাকা উচিত, যাতে পাকিস্তানের নীতিমালা ইসলামী নীতিমালা এবং উদীয়মান প্রযুক্তি সম্পর্কে সঠিক ও পরিপূর্ণ উপলব্ধির ভিত্তিতে প্রণয়ন করা যায়।

উল্লেখ্য, সম্প্রতি মুফতি মুহাম্মদ তাকি উসমানীর একটি ফতোয়া প্রকাশ্যে আসে, যেখানে তিনি ক্রিপ্টোকারেন্সির শরিয়াহগত বৈধতা নিয়ে মতামত দেন।

ফতোয়ায় তিনি বলেন, বিশেষজ্ঞদের এ পর্যন্ত গবেষণা ও মতামতের আলোকে ক্রিপ্টোকারেন্সি শরিয়াহর দৃষ্টিতে ‘মাল’ (সম্পদ) হিসেবে গণ্য হয় না; বরং এটি হিসাবের খাতায় নিবন্ধিত কিছু কাল্পনিক সংখ্যার সমষ্টি। তাই ইউএসডিটি (USDT) হোক বা অন্য কোনো ক্রিপ্টো টোকেন—ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ক্রয়-বিক্রয় জায়েজ নয়।

মুফতি তাকি উসমানীর ছেলে হাসান উসমানী গণমাধ্যম জিও নিউজকে নিশ্চিত করেছেন যে, সম্প্রতি প্রকাশিত ক্রিপ্টোকারেন্সিবিষয়ক ফতোয়াটি মুফতি তাকি উসমানীরই দেওয়া।

সূত্র: ডেইলি জং

আইও/