বোনের বাসায় বেড়াতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবক
প্রকাশ: ০৮ মে, ২০২৬, ০২:২৫ দুপুর
নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন হাসান রাজু (২৪) নামে এক যুবক। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে রেশমি আক্তার (১২) নামে এক শিশু। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার, ৭ মে) রাত ১০টার দিকে রৌফাবাদ এলাকার বাঁশবাড়িয়া বিহারি কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত হাসান রাজুর বাড়ি রাউজান উপজেলার কদলপুর এলাকায়। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন হাসান রাজু। এ সময় পাঁচ থেকে ছয়জন যুবক মুখে মাস্ক পরে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় পাশেই থাকা রেশমি আক্তার নামে এক শিশুও গুলিবিদ্ধ হয়।

রাতের ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বোন রুমা আক্তার বলেন, কয়েক দিন আগে তার ভাই বেড়াতে তাদের বাসায় এসেছেন। তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল রাউজানের কদলপুর এলাকায় নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত নাসিরের মেয়ে লাভলী আক্তার হাসান রাজুর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। সেই ঘটনার সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আইও/