ইমামকে কক্ষে আটকে রেখে মসজিদের দানবাক্স থেকে টাকা চুরি!
প্রকাশ: ০৭ মে, ২০২৬, ১১:২৪ দুপুর
নিউজ ডেস্ক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একটি মসজিদে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা প্রথমে মসজিদের ইমামকে কক্ষে আটকে রেখে পরে একে একে তিনটি তালা ভেঙে দানবক্সের টাকা নিয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ফকিরের তাকিয়া শাহী জামে মসজিদ–এ এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মসজিদের ইমাম আবু বক্কর ছিদ্দিক মসজিদের পাশের মক্তব কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একসময় পরিকল্পিতভাবে একদল চোর মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। প্রথমেই তারা বাইরে থেকে ইমামের কক্ষের ছিটকিনি লাগিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে।

এরপর চোরেরা মসজিদের মূল ফটক ও দানবক্সের তালাসহ মোট তিনটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দানবক্সে থাকা নগদ অর্থ নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ফজরের আজানের সময় ঘুম থেকে উঠে ইমাম আবু বক্কর ছিদ্দিক দেখেন, তার কক্ষটি বাইরে থেকে আটকানো। পরে স্থানীয়দের সহায়তায় তিনি বের হয়ে আজান দেন। তখনই চুরির বিষয়টি প্রকাশ পায় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ও মসজিদ কমিটির সভাপতি মো. ইউসুফ নবী বলেন, ‘দানবক্সে আনুমানিক ৮ থেকে ১০ হাজার টাকা ছিল। আমরা চাই, দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হোক।’

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেডএম/