নূরানী প্রশিক্ষণের নামে সার্টিফিকেট বাণিজ্য, সচেতন থাকার আহ্বান
প্রকাশ: ০৭ মে, ২০২৬, ১০:৫৫ দুপুর
নিউজ ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে নূরানী প্রশিক্ষণের নামে গড়ে উঠছে অসংখ্য অনুমোদনহীন প্রশিক্ষণ সেন্টার। সংশ্লিষ্টদের অভিযোগ, এসব প্রতিষ্ঠানে মানসম্মত প্রশিক্ষণের পরিবর্তে চলছে সনদ বাণিজ্য, যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে নূরানী শিক্ষাব্যবস্থার মূল উদ্দেশ্য ও মান।

বিশেষজ্ঞদের মতে, শায়খুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত হোসাইন রহ. প্রবর্তিত নূরানী পদ্ধতির মূল শক্তি হলো দক্ষ, প্রশিক্ষিত ও যোগ্য মুয়াল্লিম তৈরি করা। কিন্তু বর্তমানে কিছু ভুয়া প্রশিক্ষণ কেন্দ্র অল্প সময়ের কোর্স চালু করে প্রকৃত প্রশিক্ষণ ছাড়াই অর্থের বিনিময়ে সনদ প্রদান করছে।

এ বিষয়ে নূরানী তালীমুল কুরআন মাদরাসা, ফেনীর শিক্ষক ও নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের সাবেক পরিদর্শক আব্দুল হালিম বলেন, নূরানী তালীমুল কুরআন বোর্ড ঢাকার অনুমোদন ছাড়া অনেক প্রতিষ্ঠান প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এতে প্রকৃত মেহনত, মশক ও তারবিয়াতের পরিবর্তে সার্টিফিকেটকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এর ফলে অযোগ্য শিক্ষক তৈরি হচ্ছে এবং তারা কোমলমতি শিশুদের ভুল উচ্চারণ ও ভুল পদ্ধতিতে কুরআন শিক্ষা দিচ্ছেন। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক।

সংশ্লিষ্টদের দাবি, ভুয়া প্রশিক্ষণ কেন্দ্রগুলোর কারণে একদিকে নূরানী পদ্ধতি সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে, অন্যদিকে প্রকৃত যোগ্য শিক্ষকের সংকটও বাড়ছে।

প্রশিক্ষণ নিতে আগ্রহীদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে অবশ্যই যাচাই করতে হবে সেটি মূল বোর্ড কর্তৃক অনুমোদিত কি না। কারণ, সঠিক প্রশিক্ষণ ছাড়া সহীহ-শুদ্ধ কুরআন শিক্ষা দেওয়া কখনোই সম্ভব নয়।

এদিকে ভুয়া প্রশিক্ষণ সেন্টার ও নকল বোর্ডের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন শিক্ষক, অভিভাবক ও সচেতন মহল।

জেডএম/