
|
মাদিনাতুয যাহরায় টিচার্স স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত
প্রকাশ:
০৪ মে, ২০২৬, ১১:৫৫ দুপুর
নিউজ ডেস্ক |
শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পাঠদানের মানোন্নয়ন এবং সুশৃঙ্খল শিক্ষা-পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের বালাগঞ্জের মাদিনাতুয যাহরা আল ইসলামিয়া মাদরাসায় টিচার্স স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২ মে) মাদরাসার কনফারেন্স হলে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জামেয়া নুরানিয়া ইসলামিয়া ও মাদিনাতুয যাহরা আল ইসলামিয়ার সম্মানিত শিক্ষক-শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের প্রধান পরিচালক খতিব মাওলানা তাজুল ইসলাম। তিনি শিক্ষকতার দায়িত্ববোধ, আন্তরিকতা, নৈতিকতা ও আদর্শিক চেতনা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি নিয়েও তিনি আলোচনা করেন।
দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় ক্যাম্পাসের সার্বিক পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা রক্ষা, একাডেমিক গাইডলাইন ও পাঠদান কাঠামো এবং কোরআনিক টিচিং মেথডের কার্যকর প্রয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রতিটি সেশনে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকারা মনোযোগ সহকারে আলোচনা শোনেন এবং বাস্তবভিত্তিক বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে মতবিনিময়ে অংশ নেন। এতে শিক্ষকদের মধ্যে পারস্পরিক সমন্বয়, সচেতনতা ও পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পায় বলে আয়োজকরা জানান। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মশালা শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল, ফলপ্রসূ ও মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়। জেডএম/ |