আমিরে মজলিসের সঙ্গে ইরানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হরমুজ নিয়ে আশ্বাস
প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৫:০৪ বিকাল
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের হাইকমিশনার জলিল রহিমি জাহানাবাদি।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকার মোহাম্মদপুরস্থ আমিরে মজলিসের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইরান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন আমিরি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, আমিরে মজলিসের পররাষ্ট্র বিষয়ক সচিব ফারিদ খান।

No description available.

সাক্ষাৎকালে ইরানে চলমান আমেরিকা-ইসরাইল আগ্রাসন, বৈশ্বিক জ্বালানি সংকটসহ সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। আমীরে মজলিস ইরানে পরিচালিত সাম্প্রতিক সময়ের ইসরাইল-আমেরিকান আগ্রাসনকে উম্মাহর বিরুদ্ধে কুফরি শক্তির আক্রমণ বলে অভিহিত করেন এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইরানের প্রতি সংহতি প্রকাশ করেন।

এ সময় আমিরে মজলিস হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি তেলবাহী জাহাজ চলাচলে ইরানকে ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানান। ইরানের হাইকমিশনার বিষয়টিকে গুরুত্বের সাথে সমাধানের চেষ্টা চালাবেন এবং এ বিষয়ে তার দেশে ইতিবাচক বার্তা প্রেরণ করবেন বলে আশ্বাস দেন। সেই সাথে ইরান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন।

জেডএম/