
|
সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ: আহত ২০, আটক ৬
প্রকাশ:
১৯ এপ্রিল, ২০২৬, ০৭:৩৫ বিকাল
নিউজ ডেস্ক |
সিরাজগঞ্জ পৌর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দিন ধরে দুই মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। এ-ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। এ অবধি ৬ জনকে আটক করেছে পুলিশ। সর্বশেষ রোববার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার মাসুমপুর ও সয়াধানগড়া মহল্লার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের খবর পাওয়া গেছে। এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাতে কয়েক দফায় সংঘর্ষে জড়ায় দুই মহল্লাবাসী। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হঠাৎ করেই দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। সংঘর্ষে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইও/ |