কুমিল্লায় ট্রাক উলটে নিহত ৭, আহত আরও ৬
প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ১০:১২ দুপুর
নিউজ ডেস্ক

কুমিল্লায় চাল-বোঝাই ট্রাক উলটে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।

সোমবার (১৩ এপ্রিল) রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), সুমন (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০), আব্দুর রশিদ (৫৫)। নিহতদের সবার বাড়ি দিনাজপুর জেলায় বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এ-ঘটনার সত্যতা নিশ্চিত করেন দাউদকান্দি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আল আমিন।

তিনি বলেন, চাল-বোঝাই একটি ট্রাক চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে দাউদকান্দি এলাকায় উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা সবাই ট্রাকটির উপরে ছিল বলে প্রাথমিক সূত্রে জানা গেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, দিনাজপুর হতে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ওই ট্রাকের উপরে থাকা ১৩ জন যাত্রী ট্র্রাকের নিচে চাপা পড়ে ৭ জন নিহত হন। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

জেডএম/