
|
হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল!
প্রকাশ:
১১ এপ্রিল, ২০২৬, ০৭:১০ বিকাল
নিউজ ডেস্ক |
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে এবং পায়েও গুরুতর আঘাত পেয়েছেন। এসব আঘাত থেকে তিনি সেরে উঠছেন, তবে এখনো চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১১ এপ্রিল) মোজতবা খামেনির ঘনিষ্ঠ মহলের তিনজন সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, তিনটি সূত্রই নিশ্চিত করেছে; হামলায় খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে। সেই সঙ্গে তার একটি পা বা উভয় পা-ই গুরুতর আঘাত লেগেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি তার ক্ষত থেকে সেরে উঠছেন এবং মানসিকভাবে সচেতন আছেন। অন্য দুই সূত্র বলেছেন, আহত অবস্থাতের তিনি অডিও কনফারেন্সের মাধ্যমে দেশটির সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন এবং চলমান যুদ্ধ এবং ওয়াশিংটনের সঙ্গে বৈঠকসহ প্রধান প্রধান বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত থাকছেন। এদিকে আজ শনিবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমন উচ্চ-পর্যায়ের আলোচনার প্রেক্ষাপটে সিদ্ধান্ত নিতে মোজতবা খামেনির শরীর-স্বাস্থ্য কতটা উপযুক্ত- তা নিয়ে প্রশ্ন উঠেছে। মোজতবার ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের ভাষ্যে গত কয়েক সপ্তাহের মধ্যে তার শারীরিক অবস্থার সবচেয়ে বিশদ বর্ণনা পাওয়া গেছে। তবে রয়টার্স এসব ভাষ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল ও মার্কিন বাহিনী। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ তার পরিবারের অনেকে নিহত হয়। তবে সেইদিন অল্পের জন্য বেঁচে যান তার ছেলে মোজতবা। এরপর গত ৮ মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন মোজতবা। তবে এখন পর্যন্ত মোজতবার কোনো ছবি, ভিডিও বা অডিও রেকর্ডিং প্রকাশিত হয়নি। এতে তার অবস্থান, শারীরিক অবস্থা এবং শাসন করার ক্ষমতা এখনও অনেকাংশেই একটি রহস্য হয়ে রয়েছে। আইও/ |