
|
গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম
প্রকাশ:
১১ এপ্রিল, ২০২৬, ১১:২৮ দুপুর
নিউজ ডেস্ক |
মসজিদে হারামের ইমাম শেখ সালেহ বিন হুমাইদ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, যারা এই ধরনের কাজে জড়িত হন বা এটিকে ছড়িয়ে দেন, তাদের সবার ওপর নৈতিক দায় বর্তায়। খবর সৌদি প্রেস এজেন্সির (এসপিএ)। শুক্রবার (১০ এপ্রিল) মক্কায় মসজিদে হারামে খুতবা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। শেখ সালেহ জোর দিয়ে বলেন, কঠিন সময়েই মানুষের আসল চরিত্র প্রকাশ পায়। তিনি মুসল্লিদের নিজেদের আমল-আকিদায় অবিচল থাকতে বলেন এবং পার্থিব জটিল বিষয়ে খুব বেশি মনোযোগ দেওয়া থেকে বিরত থাকতে আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন যে, মিথ্যা তথ্য প্রচার করা কেবল ব্যক্তি ও সমাজেরই ক্ষতি করে না, বরং এটি পাপের বোঝাও বহন করে। তিনি মুসলিম সম্প্রদায়কে সত্য ও সততা সমুন্নত রাখার আহ্বান জানান। মূলত, মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থায় সৌদি কর্তৃপক্ষ এই ধরনের সতর্কবার্তা জারি করেছে এবং জোর দিয়ে বলেছে যে, গুজব ছড়ানো—বিশেষ করে যা দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করে—একটি গুরুতর ফৌজদারি অপরাধ। সৌদি সরকার জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য শেয়ার বা প্রচারের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৩০ লাখ সৌদি রিয়াল (৮ লাখ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে এবং অপরাধে ব্যবহৃত ডিভাইস বাজেয়াপ্ত করা হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে কোভিড-১৯ মহামারিসহ বিভিন্ন বড় ঘটনা ও সংকটের সময়ও এ ধরনের সতর্কবার্তা জারি করা হয়েছিল। তখন সৌদি কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি, কারফিউ এবং গ্র্যান্ড মসজিদের পরিস্থিতি সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিল। কর্মকর্তারা জনসাধারণকে তথ্যের জন্য যাচাইকৃত সরকারি সূত্রের উপর নির্ভর করতে এবং ভিত্তিহীন বিষয়বস্তুর সঙ্গে যুক্ত হওয়া বা তা শেয়ার করা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন। কতৃপক্ষ সতর্ক করে বলেছে, যারা এই ধরনের মিথ্যা তথ্যযুক্ত বিষয়বস্তু পুনরায় পোস্ট বা সংরক্ষণ করবে, তাদেরও আইনত জবাবদিহি করতে হতে পারে। আইও/ |