
|
দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত
প্রকাশ:
১০ এপ্রিল, ২০২৬, ০৭:১৮ বিকাল
নিউজ ডেস্ক |
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) জুম্মার নামাজের পর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মোনাজাতে নিহতদের রুহের মাগফেরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। উল্লেখ্য, গত ২৫ মার্চ (বুধবার) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকাগামী 'সৌহার্দ্য পরিবহন'-এর একটি বাস দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট দিয়ে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। স্মরণকালের ভয়াবহ এই দুর্ঘটনায় নারী ও শিশুসহ ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে নৌ-পরিবহণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আরএইচ/ |