
|
দাওরায়ে হাদিসের ফল প্রকাশ, পাসের হার ৮৯.৯৯ শতাংশ
প্রকাশ:
২৪ মার্চ, ২০২৬, ০১:০৪ দুপুর
নিউজ ডেস্ক |
কওমি মাদরাসার শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় পাসের হার ৮৯.৯৯ শতাংশ। প্রায় ২৪ হাজার ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশ নেন। মঙ্গলবার (২৪ মার্চ) কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটি, পরীক্ষা মনিটরিং সেল, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকবৃন্দের যৌথ সভায় পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মুহিউস্সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। এ বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল, ছাত্র ১৫,২৬৮ জন; ছাত্রী ৮,৬১৩ জন; মোট ২৩,৮৮১ জন। সারাদেশে ১০৪টি ছাত্র ও ১৫৫টি ছাত্রী মারকাযে (কেন্দ্রে) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২১,৪৯১ জন, অনুত্তীর্ণ ২,৩৯০ জন। পরীক্ষা প্রবিধি অনুসারে ছাত্র ও ছাত্রী মেধাক্রম পৃথক করা হয়েছে এবং ছাত্র ও ছাত্রী প্রতি ৫০০ (পাঁচশত) জনের বিপরীতে ১ (এক) জনকে মেধা তালিকায় নেয়া হয়েছে। সে হিসেবে ছাত্র ৩১তম এবং ছাত্রী ১৭তম পর্যন্ত মেধা তালিকায় স্থান পেয়েছে। ছাত্র ৯৩২ নম্বর পেয়ে ছাত্রদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে মাদরাসা বায়তুল উলূম ঢালকানগর, সূত্রাপুর, ঢাকার খালেদ হাছান, রোল নং ১৭১০৭। ছাত্রী ৮৯৪ নম্বর পেয়ে ছাত্রীদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে ফাতেমাতুয্ যাহরা রা: রামপুরা মহিলা মাদরাসা, রামপুরা, ঢাকার আসমা, রোল নং ০৯৯২৪। এমএম/ |