
|
পর্যাপ্ত তেল পাবে গণপরিবহন, থাকছে না রেশনিং পদ্ধতি
প্রকাশ:
১৪ মার্চ, ২০২৬, ০৪:৩৫ দুপুর
নিউজ ডেস্ক |
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশে জ্বালানি তেল সংকটের শঙ্কার মধ্যে সরকার যে রেশনিং পদ্ধতি চালু করেছিল, ঈদযাত্রাকে সামনে রেখে দূরপাল্লা এবং গণপরিবহনের জন্য এই পদ্ধতি তুলে দেওয়া হচ্ছে। আজ রাত থেকেই গণপরিবহন পর্যাপ্ত জ্বালানি তেল পাবে। শনিবার (১৪ মার্চ) দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। মন্ত্রী বলেন, দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং আজ (শনিবার) রাত থেকে থাকছে না। রাত থেকে পর্যাপ্ত তেল পাবে বাসগুলো। তবে গণপরিবহনের ক্ষেত্রে সরকারের নির্দেশনা পরিবর্তন হলেও ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে নতুন কোনো নির্দেশনা আসেনি। জ্বালানি সাশ্রয়ে গত ৬ মার্চ ফিলিং স্টেশন থেকে যানবাহনে তেল সরবরাহের সীমা বেঁধে দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ওই নির্দেশনা অনুযায়ী, একটি মোটরসাইকেলে দিনে দুই লিটার পেট্রল বা অকটেন নেওয়া যাচ্ছে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাচ্ছে সর্বোচ্চ ১০ লিটার তেল। এছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি ও মাইক্রোবাস দিনে পাচ্ছে ২০ থেকে ২৫ লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারছে ৭০ থেকে ৮০ লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল নিতে পারছে। আইএইচ/ |