প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি
প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ০৮:৩২ রাত
নিউজ ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বার্তায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে প্রতিবেশী আরব দেশগুলোকে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তাটি ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের একজন উপস্থাপক পাঠ করছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতদের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে বার্তায় মোজতবা খামেনি বলেন, ‘আমি সকলকে আশ্বস্ত করছি যে আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নিতে পিছপা হব না। আমাদের প্রতিশোধের শুধুমাত্র ইসলামী বিপ্লবের মহান নেতার (আয়াতুল্লাহ আল খামেনি) শাহাদাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং শত্রুদের হাতে শহীদ হওয়া জাতির প্রতিটি সদস্যের জন্য প্রতিশোধের আলাদা আলাদা ফাইল খোলা হবে।’ 

তিনি বলেন, ‘তেহরান তার সকল প্রতিবেশীর সাথে ঐক্য এবং উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক সম্পর্কের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তবে এই অঞ্চলে সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় ইরান ওই ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখবে’।

ইরানের শত্রুদের উপর চাপ সৃষ্টির জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে উল্লেখ করে মোজতবা খামেনি আরও বলেন, ‘স্কুলের শিশুসহ শহীদ সকল শিশুদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের এখনও হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল অবলম্বন করা উচিত।’ 

সূত্র: আলজাজিরা, বিবিসি

আইএইচ/