৬ মাসে কোরআনের হাফেজ শিশু আবু বকর সিদ্দিক 
প্রকাশ: ০৫ মার্চ, ২০২৬, ০৩:১১ দুপুর
নিউজ ডেস্ক

মাত্র ছয় মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়ে আলোচনায় এসেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের শিশু আবু বকর সিদ্দিক (১০)। তার এই অসাধারণ সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।

হাফেজ আবু বকর সিদ্দিক হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চরচেঙ্গা গ্রামের হাজী মুখলেছুর রহমানের বাড়ির শিক্ষক মো. বেলাল উদ্দিন ও মোসাম্মৎ আয়েশা ছিদ্দিকা দম্পতির ছেলে। কোম্পানীগঞ্জের দারুল আরকাম মাদরাসার হিফজ বিভাগ থেকে মাত্র ছয় মাসে সম্পূর্ণ কুরআন হিফজ সম্পন্ন করে সে।

পরিবার সূত্রে জানা গেছে, সিদ্দিকের পরিবারে ৬-৭ জন কোরআনের হাফেজ রয়েছেন। ছোটবেলা থেকেই কোরআনের প্রতি তার গভীর আগ্রহ ছিল। বাবা-মাও জন্মের পর থেকেই ছেলেকে হাফেজ বানানোর সিদ্ধান্ত নেন। সেই লক্ষ্য নিয়েই ২০২৫ সালের শুরুতে তাকে কোম্পানীগঞ্জের দারুল আরকাম মাদরাসার হিফজ বিভাগে ভর্তি করানো হয়। পরে পরিবারের উৎসাহ এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে প্রতিদিন নিয়মিত অনুশীলনের মাধ্যমে মাত্র ছয় মাসে সম্পূর্ণ কুরআন মুখস্থ করার গৌরব অর্জন করে সিদ্দিক।

শিশু হাফেজ আবু বকর সিদ্দিক জানায়, সে প্রচুর পরিমাণে কুরআন তিলাওয়াত করতে ভালোবাসে। মাদরাসার শিক্ষকদের সহযোগিতা ও পরিবারের অনুপ্রেরণায় সে নিয়মিত পড়াশোনা করেছে। ভবিষ্যতে সে একজন বড় আলেম ও দেশবরেণ্য হাফেজ হতে চায়।  

আবু বকর সিদ্দিককের বাবা মো. বেলাল উদ্দিন বলেন, ছোটবেলা থেকেই ছেলের মধ্যে কোরআনের প্রতি আগ্রহ দেখেছি। তাই আমরা সিদ্ধান্ত নেই তাকে হিফজে ভর্তি করাব। আল্লাহর রহমতে অল্প সময়ের মধ্যেই সে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছে। একজন বাবা হিসেবে এটি আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। আমি চাই আমার ছেলে ভবিষ্যতে একজন যোগ্য আলেম হয়ে দ্বীনের খেদমত করুক।  সবার কাছে তার জন্য দোয়া চাই।

মাদরাসার হিফজ বিভাগের প্রধান, হাফেজ মুহাম্মদ মুনাওয়ার বলেন, শিক্ষকদের তত্ত্বাবধান ও পরিবারের সহযোগিতায় সিদ্দিক দ্রুত কুরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে। আমরা আশা করি সে ভবিষ্যতে বড় আলেম হয়ে ইসলামের খেদমত করবে। এত অল্প বয়সে তার এমন কৃতিত্ব অন্য শিশুদেরও দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে।

 এমএম/