
|
মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ:
০৪ মার্চ, ২০২৬, ১২:৪৬ দুপুর
নিউজ ডেস্ক |
ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াউ সোয়ে মোয়ে-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। বুধবার (৪ মার্চ) ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসে রাষ্ট্রদূত ইউ কিয়াউ সোয়ে মোয়ে-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আল্লামা মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এসময় বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। আলোচনায় আমিরে মজলিস বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই ও মর্যাদাপূর্ণ সমাধান দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে-এই বিশ্বাস থেকেই আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেছি। তিনি আরও উল্লেখ করেন, মিয়ানমারে নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে বলে আশা করা যায় এবং এই প্রেক্ষাপটে রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন। মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াউ সোয়ে মোয়ে রোহিঙ্গা ইস্যুকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং বলেন, আলোচনায় উত্থাপিত বিষয়সমূহ তিনি তার সরকারের কাছে যথাযথভাবে উপস্থাপন করবেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান। মিয়ানমার দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন হেত মিয়াত লুইন। আইএইচ/ |