
|
‘জনগণ পুরোনো রাজনৈতিক বন্দোবস্তে আর ফিরতে চায় না’
প্রকাশ:
০৩ মার্চ, ২০২৬, ০৯:৩৯ সকাল
নিউজ ডেস্ক |
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, জনআকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে না পারলে দেশ ভয়াবহ পরিস্থিতির দিকে চলে যাবে। দেশ ক্রমেই পুরোনো বন্দোবস্তে ফিরতে শুরু করেছে। প্রকাশে হুমকি দিয়ে রংপুর নগরের স্টেশন রোডে ক্যাবল ওয়ানের কার্যালয়ে যুবদল নেতা বলছেন, ‘বেডরুমে গিয়ে বউ বাচ্চাসহ তোকে গুলি করবো’। রাজশাহীতে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সাতক্ষীরায় বিএনপি ইউনিয়ন কার্যালয় পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনা পুরো দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে। যেভাবে প্রতিহিংসা ও পুরোনো রাজনীতির চর্চা চলছে, নতুন সরকার কঠোরহস্তে দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করতে পারলে দেশ ক্রমেই ভয়াবহতার দিকে অগ্রসর হবে। যা জুলাই সনদের প্রত্যাশার খেলাফ। সোমবার (২ মার্চ) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর থানা শাখার উদ্যোগে জুরাইনস্থ একটি মাদরাসা মিলনায়তনে ‘মাহে রমাযানের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের শ্যামপুর থানা সভাপতি আলহাজ্ব বেলাল হোসেন আরিফেরে সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা মাওলানা শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম। মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বর্তমানে চাঁদাবাজি একটি মহামারির নাম। এ মহামারি থেকে জাতি মুক্তি চায়। নতুন সরকার চাঁদাবাজির কন্ঠনালী চেপে ধরতে হবে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আনতে দলীয় সিন্ডিকেট ভেঙ্গে দিন। নতুবা আখের সুখকর হবে না। এমএম/ |