
|
জমি নিয়ে বিরোধে প্রাণ গেল খতিবের
প্রকাশ:
০২ মার্চ, ২০২৬, ০৭:৫২ বিকাল
নিউজ ডেস্ক |
বগুড়া সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক খতিব খুন হয়েছেন। নিহত সাইফুল ইসলাম একই এলাকার নওশেদ আলীর ছেলে। রোববার (১ মার্চ) রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি স্থানীয় একটি মসজিদের খতিব ছিলেন। পাশাপাশি ব্যবসাও করতেন। জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাহবুবনগর এলাকায় প্রতিপক্ষের লোকজন সাইফুল ইসলামকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহতের ছেলে অভিযোগ করেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে একটি পক্ষের বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরেই তার বাবাকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করা হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইএইচ/ |