খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ
প্রকাশ: ০১ মার্চ, ২০২৬, ০৬:৪৫ বিকাল
নিউজ ডেস্ক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো লেবাননভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

রোববার (১ মার্চ) ইরান কর্তৃক সর্বোচ্চ নেতার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর দেওয়া এক বিবৃতিতে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম।

নাঈম কাসেম বলেন, ‘মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আমরা আমাদের দায়িত্ব দ্রুত পালন করব।’ একই সঙ্গে তিনি প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়া এবং মার্কিন আগ্রাসনকে রুখে দেওয়ারও অঙ্গিকার ব্যক্ত করেন।

হিজবুল্লাহ প্রধানের এই বিবৃতির পর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে যে যেকোন সময় ইরানের সমর্থনে এই যুদ্ধে শামিল হতে পারে হিজবুল্লাহ। তারা ইসরায়েলসহ মার্কিন যেকোন ঘাঁটিতে হামলা করতে পারে। এতে যুদ্ধের পরিধি লেবানন পর্যন্তও বিস্তৃত হতে পারে।

এদিকে, শনিবার লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম সতর্ক করে বলেছেন, তার দেশ নতুন এই সংঘাতে জড়াতে চায় না। লেবাননের নিরাপত্তা রক্ষার স্বার্থে তারা যেকোন ষড়যন্ত্রকে প্রতিহত করবে বলেও জানান তিনি।

 এমএম/

নওয়াফ তার এক্স একাউন্টের এক বার্তায় লেবাননবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই পরিস্থিতিতে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। এমন কোন পদক্ষেপ নেওয়া যাবে না, যা দেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে। একই সঙ্গে তার দেশে বিদেশী কোন খবরদারি মেনে নেবেন না বলেও উল্লেখ করেন তিনি।