বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে…
প্রকাশ: ০১ মার্চ, ২০২৬, ০৩:১৪ দুপুর
নিউজ ডেস্ক

কবি মোহন রায়হান এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেও বিভিন্ন অভিযোগে তা স্থগিত হয়ে যায়। অবশেষে তাকে পদকটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। তবে কবি মোহন রায়হান জানিয়েছেন, তিনি পুরস্কার নিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে। আর পুরস্কারের অর্থ ব্যক্তিগতভাবে গ্রহণ করবেন না জানিয়ে তিনি এই অর্থ কোনো সামর্থ্যহীন কবি, লেখক বা সাংস্কৃতিক কর্মীর কল্যাণে প্রদান করার আহ্বান জানিয়েছেন।

রোববার (১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কবি মোহন রায়হান এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য তুলে ধরে কবি বলেন, তিনি বলেছিলেন, ভালো কাজে উৎসাহ দেবেন, ভুল করলে সমালোচনা করবেন। আমি সেই প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখেই পুরস্কার গ্রহণের সিদ্ধান্ত নিচ্ছি। তবে পুরস্কারের অর্থ আমি ব্যক্তিগতভাবে গ্রহণ করব না। সেটি কোনো সামর্থ্যহীন কবি, লেখক বা সাংস্কৃতিক কর্মীর কল্যাণে প্রদান করার আহ্বান জানাচ্ছি।

মোহন রায়হান বলেন, একই সঙ্গে আমি দৃঢ়ভাবে দাবি জানাই, পুরস্কার প্রদানের নীতিমালা সংস্কার করা হোক। স্বচ্ছ, দলনিরপেক্ষ, বিশেষজ্ঞ নির্ভর ও সর্বজনগ্রাহ্য প্রক্রিয়া প্রবর্তন করা হোক, যাতে ভবিষ্যতে কোনো পুরস্কার নিয়ে বিতর্ক বা স্থগিতের পরিস্থিতি সৃষ্টি না হয়।

এর আগে বাংলা একাডেমি থেকে জানানো হয়, কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান করার ঘোষণা দেওয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করার জন্য গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন। 

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগসমূহ পর্যালোচনান্তে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২ মার্চ সোমবার সকাল ১১টায় বাংলা একাডেমিতে তাকে এ পদক প্রদান করা হবে।

 এমএম/