প্রথমবার বিদেশ সফরে গেলেন নতুন পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪১ দুপুর
নিউজ ডেস্ক

দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) তিনি ঢাকা ত্যাগ করেন। ওআইসি-র এক বিশেষ বৈঠকে অংশগ্রহন করতে এই সফর করছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ওআইসি সাধারণ সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওপেন-এন্ডেড এক্সিকিউটিভ কমিটির জরুরি বৈঠক আয়োজন করেছে ওআইসি।

বৈঠকে ইসরাইলি দখলদার কর্তৃপক্ষের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। ইসরাইলের এসব সিদ্ধান্ত বসতি সম্প্রসারণ, সংযুক্তকরণ এবং দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাকে উৎসাহিত করছে।

ওআইসি জানিয়েছে, জরুরি অধিবেশনে সদস্যরাষ্ট্রগুলোর অবস্থান সমন্বয় করা হবে। ইসরাইলের অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে সম্ভাব্য কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

সম্প্রতি ইসরাইল দখলকৃত পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে ঘোষণা করে বসতি স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। এই পদক্ষেপকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আইনগত, রাজনৈতিক ও জনসংখ্যাগত অবস্থান পরিবর্তনের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। এটি দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে প্রচণ্ডভাবে ক্ষুণ্ন করছে।

 এমএম/