
|
‘যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র’
প্রকাশ:
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১০ দুপুর
নিউজ ডেস্ক |
ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা একসময় যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, তেহরান আবারও তাদের পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে চাইছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণে ট্রাম্প বলেন, ইরান ইতিমধ্যে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইউরোপ ও বিদেশে থাকা মার্কিন ঘাঁটিকে হুমকিতে ফেলতে পারে। এখন তারা আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানানোর চেষ্টা করছে। ২০২৫ সালে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানায়, ইরান চাইলে ২০৩৫ সালের মধ্যে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে। তবে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে কী না, তা নিশ্চিত নয়। বর্তমানে ইরানের কাছে স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র আছে, যার সর্বোচ্চ পাল্লা প্রায় ৩ হাজার কিলোমিটার। অথচ ইরান থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের দূরত্ব ৬ হাজার মাইলের বেশি। ওয়াশিংটন ও তেহরান ইতিমধ্যে দুই দফা আলোচনা শেষ করেছে। লক্ষ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তিতে পৌঁছানো। ট্রাম্প তার প্রথম মেয়াদে আগের চুক্তি বাতিল করেছিলেন। যুক্তরাষ্ট্র চায়, ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করে। তবে ইরান তা মানতে রাজি নয় এবং তারা বারবার বলেছে, তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। গত বছর ট্রাম্পের নির্দেশে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। ট্রাম্প দাবি করেন, এতে ইরানের কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কিন্তু এখন তিনি বলছেন, ইরান আবার নতুন করে শুরু করতে চাইছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র দুটি বিমানবাহী রণতরীসহ বড় সামরিক শক্তি পাঠিয়েছে। তবু ট্রাম্প বলেন, তার প্রথম পছন্দ কূটনৈতিক সমাধান। তবে আলোচনা ভেস্তে গেলে শক্তি প্রয়োগের পথও খোলা থাকবে। বৃহস্পতিবার আবারও আলোচনা হওয়ার কথা রয়েছে। আইএইচ/ |