গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন বিদায়ী চিফ প্রসিকিউটর
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০০ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্যবিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তাঁর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত গুরুতর অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন। তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, এসব অভিযোগের পক্ষে কেউ সামান্য তথ্য-প্রমাণও দেখাতে পারবে না।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে তাজুল ইসলাম এ কথা বলেন।

বক্তব্যে তিনি উল্লেখ করেন, গতকাল ও আজ কিছু গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরের বরাতে তাঁর সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হয়েছে। এসব বক্তব্য সম্পূর্ণ মিথ্যাচার ও প্রমাণবিহীন বলে দাবি করেন তিনি।

তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর ও প্রসিকিউশন দলের প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ ও আইনানুগ। বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার দুরভিসন্ধি থেকেই এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে নিষ্পত্তিকৃত ও চলমান বিচারপ্রক্রিয়া থেকে দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই একটি মহল সুপরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে, যাতে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।

দায়িত্বপালনকালে তাঁর বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলার সুযোগ কেউ পায়নি বলেও দাবি করেন তাজুল ইসলাম। বিদায় নেওয়ার পর বিশেষ মহল গণহত্যাকারীদের সুবিধা দিতে ভিত্তিহীন অভিযোগ তুলে বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

এ ধরনের ‘মিথ্যাচার ও অপপ্রচার’ থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, নতুন সরকার ক্ষমতায় আসার পর কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলামকে।

 

আইএইচ/