
|
রমজানের প্রথম জুমা, আল-আকসা মসজিদে হাজার হাজার মুসল্লির নামাজ আদায়
প্রকাশ:
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৩ দুপুর
নিউজ ডেস্ক |
এই বছরের রমজানের প্রথম জুমার নামাজে ইসরায়েল-অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ-এ হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, কোনো উল্লেখযোগ্য ঘটনার খবর পাওয়া যায়নি। অনেকেই দামেস্ক গেট দিয়ে জেরুজালেমের পুরোনো শহরে প্রবেশ করে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানটিতে পৌঁছান। সেখানে শত শত মানুষ ইসরায়েলি পুলিশের নজরদারির মধ্যেই এগিয়ে যান।
এক এএফপি সাংবাদিক জানান, সেখানে বিপুল সংখ্যক মানুষ ইসরায়েলি সেনাদের অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন, আর দাঙ্গা-প্রতিরোধী পোশাক পরা সেনারা পাহারা দিচ্ছিল। জর্দানের তত্ত্বাবধানে পরিচালিত এই স্থানটির ব্যবস্থাপনা সংস্থা ইসলামিক ওয়াকফ জানিয়েছে, প্রায় ৮০ হাজার মুসল্লি নামাজ আদায়ের জন্য জেরুজালেমে এসেছিলেন। রমজান মাসজুড়ে পবিত্র শহরটিতে নিরাপত্তা জোরদার করতে ইসরায়েল জেরুজালেমে হাজার হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। পাশাপাশি, ১৯৬৭ সাল থেকে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি বাসিন্দাদের জন্য গত বছরের মতোই ভ্রমণ-নিষেধাজ্ঞা বহাল রেখেছে।
পশ্চিম তীরের বাসিন্দা উম আওয়াদ নামে এক ফিলিস্তিনি নারী, যার পারমিটের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল, তাকে চেকপয়েন্ট পার হয়ে জেরুজালেমে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি এএফপিকে বলেন, ‘তারা খুব সীমিত সংখ্যক মানুষকে পারমিট দিচ্ছে। আমরা আবেদন করেছিলাম—কেউ কেউ পেয়েছে, আবার অনেকের আবেদন বাতিল হয়েছে। আমাদের নামাজ পড়তে বাধা দেওয়া ঠিক নয়।’ জেরুজালেম পুলিশের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘কোনো ধরনের ঘটনা ছাড়াই নামাজ সম্পন্ন হয়েছে।’ সূত্র : আলঅ্যারাবিয়া। |