৫০ লাখ টাকাসহ জেলা জামায়াত আমির আটক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:০৫ দুপুর
নিউজ ডেস্ক

নির্বাচনের আগের দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীনকে আনুমানিক ৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) তাকে আটক করা হয়। জব্দ করা টাকা মেশিনে গণনা চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

জিজ্ঞাসাবাদে আমির বেলাল উদ্দীন জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায়। তিনি পেশায় একজন শিক্ষক। লাগেজে ৫০ লাখের বেশি টাকা আছে।

টাকার উৎস জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে এমনটাও জানান তিনি।

প্রসঙ্গত, আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে যেন কালো টাকার ছড়াছড়ি না হয় সেজন্য ব্যাংক লেনদেনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই মুহূর্তে বিপুল পরিমাণ টাকা বহন করা দেশীয় আইনে নিষিদ্ধ।

 এমএম/