
|
‘ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকেরা’
প্রকাশ:
০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১২ রাত
নিউজ ডেস্ক |
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোটগ্রহণের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ‘সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করলে কোনো ধরনের সমস্যায় পড়বেন না।’ এদিকে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহার করা যাবে না এমন সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশনের (ইসি) সরে আসার কথা জানিয়েছেন জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ সোমবার বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন ইসি সচিব বলেছেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহার করা যাবে না এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। কিছুক্ষণের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে। উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশন ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরে গতকাল রোববার এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের প্রতিবাদ ও রাজনৈতিক দলের পক্ষ থেকে সমালোচনা শুরু হওয়ার পর ইসি নিজেদের সিদ্ধান্ত বদল করলো। এমএম/ |